একেকটা নতুন ভোরে নতুন করে জেগে উঠি।
একেকটা চুম্বন আমাকে নতুন করে ভাঙে, গড়ে;
ধ্বংসের প্রান্ত থেকে ফিরে আসি রোদের শহরে;
প্রতিবার আমি নতুন করে প্রেমে পড়ি;
একশটা জানলা আলো জ্বালে চোখের ওপর।
প্রতিবার নতুন করে স্বপ্ন ভাঙে
একশটা দরজা বন্ধ হয় প্রতিদিন
এক সমুদ্র লোনা জলে সাঁতার কাটি;
তাড়া করে অনাবিল সমুদ্র কথন।
প্রত্নতত্ত্বের পাতা জুড়ে যে নিবিড় কল্পকাহিনী;
যে অমৃত নগরীর হাতছানি হৃদয়ের ঝাউপাতা
ছুঁয়ে– টুপটাপ ঝরে যায়; প্রতিদিন তার চোখে
চেয়ে থাকি মেঘমুখী চাতকের মত।
কথা ছিল কথা হবে অক্ষরে অক্ষরে;
শব্দের কোমল পরশ তুলে মেখে নেবে চোখের কাজল;
উৎপ্রেক্ষার খোলস ভেঙে বুঝে নেবে আদি অক্ষর;
বুঝে নেবে গহীনের ঝড়।
আমি তো খুঁজিনি কোন ঐশ্বর্য, ক্লিওপেট্রা, হেলেন।
নৈশব্দের আঙিনায় দাঁড় করিয়েছি
শুধু তোমার মতই এক তুমিকে।
তবু আমার ট্রয় দেখো বারবার ভেঙে যায়;
আমার সাম্রাজ্য জুড়ে বারবার অনাহুত ব্রুটাসের ভিড়।
প্রতিবার নতুন করে স্বপ্নের ফসিল জড় করি;
খুঁজে ফিরি তীব্রতা, স্পর্শ, খুঁজি সেই বিপুল পিপাসা;
ভেতরের ফ্রেমে আঁকা পুরনো তোমাকে।
একেকটা রাত আমাকে নতুন করে ধ্বংস করে;
একেকটা ভোর আমাকে নতুন করে সৃষ্টি করে।




প্রেম হোক ফিনিক্স পাখির মতোন দীর্ঘায়ু
তাই হোক
খুব ভালো
ধন্যবাদ