অন্তত তোমার জানা দরকার, প্রচন্ড রকম অসুখের দিনে মাথাব্যাথা দেখতে কেমন হয়-
কনকনে ঠান্ডায় পথশিশুর রাত কেমন কাটে,
রাস্তার ধারে প্লাস্টিকের থালা নিয়ে বসে থাকা বৃদ্ধা মহিলাকে হটাৎ কেনো দেখা যায় না আর?
অন্তত তোমার জানা দরকার, ব্যাথায় আমি কেমন থাকি?
একশ চার জ্বর নিয়ে তোমাকে মনে পড়ে কিনা,
কোন গানটা শুনলে আমার মন খারাপ হয়,
কেনো একাকিত্বের বিষাদ সময়ে আমি স্বপ্নীলের বই পড়ি?
কেনোই বা রবীন্দ্রনাথের শেষের কবিতা আমার পছন্দের উপন্যাস নয়!
অন্তত তোমার জানা দরকার, যেকোনো দুঃসংবাদ কেনো তোমাকেই আগে বলি,
তোমার প্রিয় কোনো অসুখে কেনো আমার যন্ত্রণা হয়না?
মন খারাপ হলে কেনো পুকুরপাড় ছাড়া আর কোথাও বসে থাকিনা চুপচাপ,
কেনোই বা দীর্ঘদিন তোমার স্পর্শ না মিললে আমার জ্বর আসে?
অন্তত তোমার জানা দরকার, কেনো আমার অসুখ হয়,
বৃষ্টি এলে ভিজতে ইচ্ছে হয়না,
পছন্দের ফুল দেখলে এড়িয়ে যাই,
কবিতার সমস্ত বইগুলো কেনো এলোমেলো করে রাখি,
প্রতিবেশীর শ্যামলা মেয়েটা রাত আটটেয় কার অপেক্ষায় বাইরে আসে?
এমনকি যে সমস্ত খবর কেউ জানেনা,সেসবও তোমার জানা দরকার!



