যা কিছু নিমগ্ন বিধি, যা কিছু সংলাপ;
যা কিছু গিয়েছে ভেসে; প্রগাঢ় শোক-তাপ;
যা কিছু পুড়েছে আজ ব্যাপক লোনা জলে
এবং বিষাদ, স্মৃতি, খরা ও বোধানলে।
যেভাবে নেমেছি পথে, যেভাবে ছুঁয়েছি;
যেভাবে কেটেছে মাটি, যেভাবে নুয়েছি;
যেভাবে ভেঙেছে ঘোর, অতঃপর ফেরা–
সব কিছু ছুঁয়ে থাকে দিকচিহ্নেরা।
আড়ষ্ট রাতের শেষে একরাশ ঘৃণা;
আড়ষ্ট বোধের পারে নদীর কিনার;
আড়ষ্ট স্বপ্নগুলো ভাসাতেও পারে–
অবিরাম টুংটাং গিটারের তারে।
এভাবেই কিছু কিছু ভেজা শব্দেরা–
এভাবেই বারবার করেছে ফেরার।
এভাবেই অস্থিলগ্ন রাতের গুহায়–
কিছু মুখ কাছে আসে, কিছু ফিরে যায়।
কিছু কিছু কথা বড় আদরে ঘৃণায়–
অবিন্যস্ত সোহাগের বিষণ্ণতা মাখে।
কিছু কিছু সুখ বড় পরিণামহীনা–
দিকচিহ্ন আঁকে যেন আকাশ বাঁকের।




সুন্দর অনবদ্য
ধন্যবাদ
অসাধারণ
ধন্যবাদ
দারুণ
ধন্যবাদ