মাঝে মধ্যে আমার
খুব করে জানতে ইচ্ছে করে
সত্যিই যদি তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই
আমায় কি ভুলে যাবে
যেমন করে মানুষ ভুলে যায়
বছর শেষে পুরোনো ক্যালেন্ডারের কথা!
গভীর রাতে আকাশের দিকে তাকালে
একটা প্রশ্ন বার বার ছুয়ে যায় আমায়
খসে পড়া তারকার মতো
আমিও যদি ঝরে যাই, তোমার জীবন থেকে
তুমি কি আমায় মনে রাখবে, না-কি ভুলে যাবে?
যেমন করে ভুলে যায় রাতের আকাশ
খসে পড়া তারকা গুলোর কথা!
ঘুম ভেঙে চোখ মেলে তাকালে
মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো?
কুয়াশায় ভেজা সকালে সূর্যের আলো পেতেই
শিশির বিন্দু যেমন লুকিয়ে যায়
তেমন করেই যদি আমিও লুকিয়ে যাই
তুমি কী আমার স্পর্শ অনুভব করবে
যেমন করে স্মৃতি গুলো অনুভব করে
বনফুলের প্রতিটি পাপড়ি শিশির বিন্দু কথা!
নির্জনতায় বসে যখন একাকিত্বে ডাইরিতে হাত বুলাই
পাতায় পাতায় লেখা অক্ষর গুলো দেখে
খুব করে জানতে ইচ্ছে করে
সত্যিই যদি তোমার জীবন থেকে আমি হারিয়ে যাই
আমায় কি ভুলে যাবে
না-কি স্মৃতির চাদরে জড়িয়ে রাখবে
যেমন করে প্রিয়জন ডাইরির ভাঁজে লিখে রাখে
প্রিয় মানুষের জন্য প্রিয় কিছু অক্ষর!




সুন্দর