তুমি প্রেমিক ছিলে বটে, তবে ধরে রাখা শিখলে নাহ!
বিশ্বাস করো- তুমি ধরে রাখতে চাইলে, সরে যাওয়ার সাধ্য আমার ছিলো কই বলো?
আমি তো অবলা নারী, যার কাছে শান্তি মেলে,তার বুকেই আশ্রয় খুঁজি!
তুমি ভালোবাসতে,এ কথা জানতাম- কিন্তু আমি না থাকায় তুমি যে নিঃসঙ্গ কাটিয়ে দিবে একটা আস্ত জীবন, এ আমি স্বপ্নেও ভাবিনি!
তোমার এই নিঃসঙ্গতা আমার জীবনে বয়ে আনলো এক আস্ত অভিশাপ!
সুখী তো হইলামই না, উল্টো শেকলবন্দী জীবনেই সাক্ষাৎ করে নিলাম মৃত্যুর!
সত্যি বলছি- তুমি প্রেমিক ছিলে বটে, ধরে রাখা শিখলে নাহ!
এই যে, তুমি আমায় প্রেম দিলে, আবার সাথে অপবাদও দিলে,
নিঃসঙ্গ জীবন কাটিয়েছো বটে,আমায় দিলে অভিশপ্ত সকল মুহুর্ত!
আমিও ভালোবাসলাম, দুঃখও পাইলাম, কেবল আমারটা রয়ে গেলো অগোচরে!
লোকে জানলো; হেলাল হাফিজ নামের এক প্রেমিক পুরুষকে, আমৃত্যু পুড়িয়ে গেলো একজন হেলেন,
আমার কেবল দোষ হলো,সমাজে অপরাধীর খেতাবে কেটে গেলো জীবন!
সবাই প্রতারণা দেখলো,কেবল কান্না দেখলো না!
অথচ – পুড়ে যাওয়া এই প্রেমের দায়ভার কি আমার একার?
ভীতু এক হেলাল হাফিজকে ভালোবেসে আমিও তো পুড়লাম একজন্ম,
একজন হেলাল হাফিজ থেকে তোমারে দিলাম এক মহান প্রেমিক পুরুষের খেতাব,
আর আমার ভাগ্যে জুটলো কেবল অপবাদ!
আমি তো পেলাম না কিছুই, না প্রেম, না যত্ন, আর না হেলাল হাফিজ!
কিইবা দিলে আমায় বলো?
তোমাকে ভালোবেসে দীর্ঘশ্বাস হলাম এক কোটি জনমানবের!
দ্যাখো-
আজও ভালোবেসে কোনো পুরুষ ঠকে গেলে, সেই নারীর নাম হয় হেলেন!
এটাই হয়তো প্রাপ্তি আমার এই প্রেমের, এই জন্মের!



