আমার বরাবর থার্ডক্লাসই প্রিয়, পরীক্ষার
রেজাল্ট কিংবা রেলের কম্পার্টমেন্ট।
মাঝখানে এক অলংঘ্য দ্বিতীয় স্তর পেরিয়ে
তোমার অবধি হাত কিছুতেই পৌঁছুবে না জানি।
নিজের সীমান্ত ভুলে যে বামন হাত-
প্রথম আসমান ফুরে প্রসারিত হয়
চন্দ্রকলার মায়াবী লাবণ্যে; এই প্রেমিক
কবির কাছে সে আজন্ম, আজন্ম বিস্ময়।
আকাশের সুগ্রীব উচ্চতা ছুঁয়ে যে পাখির ডানা
ভেজা পালক সাপটে ফিরিয়ে এনেছে আবর্তনের
এক অলীক বিকেল। আমি কেবলই সে
কুয়াশাময় প্রান্তরের দিকে ফিরে ফিরে তাকাই।
আমার বরাবর ট্রাজেডিই প্রিয়; ইচ্ছা বা অনিচ্ছায়।
এই অকরুণ প্রতিযোগিতা মঞ্চের প্রতিটি
বিস্রস্ত বিন্দুতে আমার প্রিয় সব প্রিয়গুলো।
আমার তো বরাবরই প্রিয়
কবিতা নামের এক অমোঘ সর্বনাশ।



