এক.
হাতের মুঠোয় একটা গোলাপ ধরা।
কাঁটার বিষে রক্ত ঝরে, সুবাস আকুল করা।
হাসিমুখেই বিষ যাতনা সই–
হাতের মুঠোর গোলাপ
তোকে ফেলতে পারি কই?
ছাড়তে পারি কই?
দুই.
মাকড়সা মিহিবোনা জাল পাতে;
অমোঘ- পতঙ্গ পড়ে ফাঁদে।
ঝড় এলে কাঁচা আম ঝরে যায়;
খুকুমনি ছোটে ঝুড়ি হাতে।
আমিইবা কম কিসে।
কটাক্ষ হানে যদি বিলোল- গোলাপ;
নিমেষে পৌঁছে যাই।
ভাবিই না, এটা লোভ- এটা ঘোর পাপ।
খুকুমনি ভাঙে হাত, পতঙ্গ প্রাণ;
আমার আছেই বা কী?
খাঁ খাঁ মাঠ- দগ্ধ, বিরান।



