একুশ মানে ফাগুন মাসের আট তারিখ;
একুশ মানে আগুন মাখা মা’র শাড়ি;
একুশ মানে দাবী, শ্লোগান- ঋদ্ধ মুখ;
একুশ মানে মিছিল, গুলি- বিদ্ধ বুক।
একুশ মানে বন্ধ দু’চোখ- কান্নাজলের বাস্পতে;
একুশ মানে ইতিহাসের রাজপথে–
রক্তবীজে মহীরুহ, ‘ভাষা দিবস’ আজ সবার–
‘মাতৃভাষা দিবস’ এখন, বিশ্বজোড়া রাজসভার।
একুশ মানে প্রথম কলম, বর্ণমালা শেখা;
ছোট্ট হাতে ইচ্ছেমত আঁকিবুকি রেখা;
একুশ মানে আধো স্বরে মিষ্টি মিষ্টি ‘মা’ বোল;
একুশ মানে হাচন, লালন, একুশ মায়ের আঁচল।
একুশ মানে মানচিত্র, নিজ মাটিতে চলা;
একুশ মানে নিজের ভাষা, স্বাধীন কথা বলা;
একুশ মানে শহীদ মিনার, একুশ মানে শোক;
মিছিল জুড়ে উদ্ভাসিত প্রত্যয়ী সব চোখ।
একুশ মানে প্রভাত ফেরী, উজাড় বাগান– ফুল নেই;
একুশ মানে ‘রক্তে রেঙে’ ভাই হারালো– শূন্যে।
একুশ মানে ফাগুন মাসের আট তারিখ;
একুশ মানে বিষাদ ছোঁয়া মা’র শাড়ি।




একুশ মানে দাবী, শ্লোগান- ঋদ্ধ মুখ;
একুশ মানে মিছিল, গুলি- বিদ্ধ বুক।
বাহ্ ভাই লাইন দুটো বেশ ভালো লেগেছে।
একুশ মানেই মায়ের মুখের ভাষা
অসাধারণ লেখা