দুঃখ পাতায় লুকিয়ে ছিল
একটা ভেজা বাড়ি;
তুই ছিলি কি? তোর সাথে যে
অনেক দিনের আড়ি।
তোর সাথে যে বৃষ্টি খেলা
স্বপ্ন, লুকোচুরি–
বন্ধ এখন, শূন্য আকাশ
ওড়ায় না কেউ ঘুড়ি।
পাহাড় থেকে সমুদ্রে যাই;
স্মৃতির হাতে ঘুড়ি-নাটাই;
আল-টপকা গোত্তা খেলে
মাঞ্জা দেয়া সুতো–
তাল কেটে যায়, তার কেটে যায়
হাত ছেড়ে যায় দ্রুত।
এখন এসব বিজন বাড়ি
বিজন দোকান-পাটে;
স্বপ্নছেঁড়া কান্নাগুলো
জমিয়ে বসে হাটে।
জোনাক জ্বলা নিশুত রাতে;
শোকের পিঁড়ি দাওয়ায় পাতে;
পালতোলা সব নৌকাগুলো
হাওয়ায় উজান টানে;
তুই ছিলি কি? তোর কথা যে
শোনায় না কেউ গানে।
অঝোর ঝরা শ্রাবণ ধারায়–
আবেশী মন স্বপ্ন বাড়ায়।
বুঝতে বুঝতে, ঝুজতে ঝুজতে;
নিজের ভেতর খুঁজতে খুঁজতে–
অনেকটা পথ পেরিয়ে ঠিক
সামনে হলুদ বাড়ি।
তুই ছিলি কি? তোর সাথে যে
অনেক দিনের আড়ি।




ছন্দবিধুর
থ্যাংকস রাজিব
আহা ছন্দের খেলা
ধন্যবাদ
Darun
ধন্যবাদ
আড়ি কেনো এত