হারিয়ে ফেলার কথা যদি বলো, তার আগে ছিলো পাওয়া;
গুমোট গরম তখনই পোড়াবে– ফিরে যায় যদি হাওয়া।
শোকের প্রহর পোহাও যখন, আনন্দও তো ছিলো–
যেখানেই তাল কেটে গেছে, আছে– ছন্দ, অন্ত্যমিলও।
শুদ্ধ কোনটা চিনেছো বলেই খুঁজে পেয়ে যাও ভুল;
কাঁটা ছিলো বলে ক্ষান্ত হওনি তুলে নিতে প্রিয় ফুল।
অন্ধরা জানে, বন্ধ চোখেও ঝলমল করে আলো;
মন্দরা সব আছে বলেই না– সবাই খুঁজছি ভালো।
একাকিত্বের বেদনা সে বোঝে– ভিড়ে যার বসবাস।
প্রতারণা সেতো তাকেই পোড়ায়, যার ছিলো বিশ্বাস।
অসম্পূর্ণ স্বপ্নেরা চেনে– ঘুম ভেঙে যাওয়া ভোর;
কঠিন সময় তখনি কঠিন, ভেঙে গেলে প্রিয় ঘোর।
সমালোচনার কাঁধে হাত রাখে প্রেরণার খোলা হাওয়া।
জীবন এমনই– সময় মানেই বদলে বদলে যাওয়া।




অসাধারণ