তুমি আমার,
গহীন বনের অজানা এক রহস্য।
গোপনীয়,তরু পল্লবে ছাওয়া অচেনা পথ।
তুমি আমার,
একগুচ্ছ লাল গোলাপের মাঝে একটি সাদা গোলাপ।
দূর আকাশের মেঘেদের ভেলা।
তুমি আমার,
প্রথম প্রেমের অনুভূতি মাখা হাসি।
নিজেকে বন্ধনহীন মুক্ত বিহঙ্গ ভাবার কারণ।
তুমি আমার,
মনের গোপন কুঠুরীতে যত্নে বানানো কুঁড়েঘর ।
অন্যমনস্ক হয়ে কল্পনার জগতে ডানা ঝাপটানোর কারণ।
তুমি আমার,
বাতাসের কানে ফিসফিস করে বলা কথা ।
লজ্জার আভায় নিজেকে মেখে নিজেকেই পাগল বলার কারণ।
তুমি আমার,
বাতাসে ভেসে বেড়ানো মিষ্টি ফুলের সুভাস।
এক বৃষ্টি ভেজা সন্ধ্যার সৌরভ।
তুমি আমার,
চাঁদের আলোয় আলোকিত প্রান্তর।
পাহাড়ের বুক চিরে অবিরাম বয়ে চলা নির্ঝর।
তুমি আমার,
হৃদয় গগনের ঝলকিত ধ্রুবতারা।
আমায় ছুঁয়ে যাওয়া এক দমকা হাওয়া।



