অস্ত্রভাণ্ডার নিঃস্ব হয়ে গেলে আমি ছুঁড়ে মারবো পাথর।
ছুঁড়ে মারবো ঝর্ণা- যদি ফুরিয়ে যায় পথের নুড়ি। আকাশটাকে
তুলে এনে এক ঝটকায় তোমাদের মাথায় ভাঙবো।
মানুষের স্রোতের ভেতর আমি এক আশ্চর্য বৈরাগ্য
দেখেছি। সৈকতের নির্জন অন্ধকারে শুনে ফেলেছি
হৃদয় ভাঙার গান। হে সুখী মানুষেরা, তোমরা যারা
দুঃখবিলাসের স্বরচিত সমুদ্র গড়েছো- মনে রেখো,
তোমাদের বুকপকেটে একফোঁটা নোনা জলও নেই।
অথচ এই পৃথিবীর নির্জন বাতাসে, সমুদ্রের ফুঁসে
ওঠা গর্জনে, আকাশের মেঘলা বিষণ্ণতায়, সন্ধ্যার
আরক্ত অন্ধকারে লুকিয়ে আছে শ্রাবণমুখর তীব্র
মনখারাপিয়া। অসংখ্য মানুষ নিভৃতে পুড়ে যাচ্ছে
শিখাহীন নিঃশব্দ আগুনে। পৃথিবীর সমগ্র তিনভাগ
হৃদয়ে ধারণ করে ভরে আছে অদ্ভুত প্রশান্ত হাসিতে।
যারা সেই সুনীল, যারা সেই সমুদ্র ছুঁয়ে দেখনি, তারা
চিনবে না দুঃখের বর্ণমালা। তোমাদের জন্য পাওনা
রইল শাস্তি। অস্ত্রভাণ্ডার ফুরিয়ে গেলেও আমি তোমাদের
পাথর করে দেব। ছুঁড়ে মারব আসমুদ্র হিমাচল।




ওয়াও,অসাধারণ
ধন্যবাদ