বর্ষামৌসুম শেষে
শরতের আসার সময়
গাছপালা – তরুলতা সজীব হয়ে
সতেজ- সবুজে ভরে যায়।
মধুমিতা , কেন জানি এসময়
তোমার স্মৃতি ভিষণভাবে মনে পড়ে যায়।
নীল আকাশে সাদা মেঘের ভেলা
মেঘ- রৌদ্রস্নাত লুকোচুরি খেলা
কখনো ঝরঝর বৃষ্টি , তারপর
আবার, কাঠফাটা রোদ্দুর
জলহারা, শুভ্র মেঘের দল
যখন নীল নির্জন নির্মল
হয়ে আকাশে পদ সঞ্চার করে
ঝিরঝির বাতাসে ভেসে বেড়ায়
কাশফুলের কোমর দোলানো নৃত্যে
আমার মনে দোলা দিয়ে যায় ।
মধুমিতা, কেন জানি এ-সময়
তোমার স্মৃতি ভিষণভাবে মনে পড়ে যায়।
নদীতীরে ধবধবে সাদা কাশবন
মধুমিতা, মোহিত করে আমার মন।
নিশির – শিশিরে ভেজা
শিউলি , ছাতিম, জবা, মালতি , মল্লিকা,
জুঁই , হাসনাহেনা ফুলের গন্ধেভরা, সৌন্দর্যময়
মধুমিতা , কেন জানি এসময়
তোমার স্মৃতি ভিষণভাবে মনে পড়ে যায় ।
নববধূ বেশে শরৎ আসে
মধুমিতা তোমার মতো করে
ঋতুরানি হয়ে প্রকৃতির সাজে
শরতের পূর্ণিমা যখন আসে
চাঁদের জোছনায়
তোমার হাসি এ-সময়
আমার মন মনোমুগ্ধতায় ভরে যায়।
মধুমিতা , কেন জানি এসময়
তোমার স্মৃতি ভিষণভাবে মনে পড়ে যায় ।




চমৎকার 🤍
বাহ!