এই যে তুমি সমস্ত মিথ্যে আমার ওপর চাপিয়ে, আমার সমস্ত খুশি কেড়ে নিয়ে –
দায়সারা ভাবে হেঁটে চলে গেছো?
বিশ্বাস করো,এতে আমার আপত্তি নেই,
দুঃখ তুমি দিতেই পারো, এ তো অবাস্তব কিছু নয়!
দুঃখের দিনে যারে পাশে পেলে দুঃখ কম লাগে, একসময় পুরোটা ক্যালেন্ডার পার করতে হয় তার দুঃখ নিয়েই,খুউব স্বাভাবিক!
যেনো ঋতু পরিবর্তন এর মতোন এটাও কোনো চিরাচরিত নিয়ম!
বিশ্বাস করো- তুমি দুঃখ দিয়েছো এ নিয়ে আপত্তি নেই!
কেবল- মাঝে মধ্যে কল্পনায় ভেসে ওঠে তোমার মুখ,
যেনো এখনও সেই আগের মতোনই, মায়ায় ভরা,
তোমার মুখের দিকে তাকালে সমস্ত দুঃখ ভুলে গিয়ে আবার নতুন করে প্রেমে পড়ি-
আবারও ভালোবাসি প্রথম দিনের মতোন!
ভাবনায় তুমি এলে যেনো সিনেমার মতোন দৃশ্য কল্প তৈরি হয়!
চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে, তোমার সঙ্গে মুখোমুখি বসে চা খাওয়ার দৃশ্য,
একসাথে হাত ধরে দিগন্তে হেঁটে যাওয়ার দৃশ্য,
একটা তুমুল ঝগড়া শেষে আবারও ফিরে এসে জড়িয়ে ধরার দৃশ্য!
এইসব দৃশ্য যখন মুছে যায় বাস্তবিক কোন কাজের চাপে ,তখন আমার মন খারাপ থাকে,
অবেলায় জ্বর হয়,মাইগ্রেন এর ব্যাথাটা বাড়ে, ইনহেলার কাজ করে না,শ্বাসকষ্ট বেড়েই চলে!
অসুখ আমার ভাল্লাগে না, তবুও- তোমার চলে যাওয়ায় অসুখটা বাঁধে,
তুমি এসব কিচ্ছু জানো না, ঠিক তোমার চলে যাওয়ার দৃশ্য চোখে নিয়ে কতকাল আমি ঘুমাইনা!
যদি জানতে? যেতে না,এ আমার দৃঢ়বিশ্বাস!
আমার তো আর ভালো থাকা হলো না, তুমি যদি ভালো থাকতে চাও?
তবে- চলে যাওয়ার পথে কোন পঁচা নর্দমা খুঁজে নিও-
আর আমার সাথে কাটানো সমস্ত স্মৃতি পুরনো কাপড়ে পুঁটলি করে ফেলে দিয়ে যেও!



