মহিব…
কেনো জানি নিঃসঙ্গতা আজকাল বড্ড ভালো লাগে,বড্ড আপন লাগে একাকিত্ব।
জানো? মাঝে মধ্যে তোমারেও মাথা থেকে বের করে দিয়ে দারুন নিঃসঙ্গ হয়ে যাই,
যেনো পৃথিবী সুদ্ধ লক্ষ কোটি জনমানব,কেবল আমার জন্য কেও নাই!
বড্ড ক্লান্তও লাগে আজকাল, উড়ে যাওয়া শিমুল তুলোর মতো অসহায় নিজেকে!
স্টেশনে দাঁড়িয়ে থাকা শেষ ট্রেন টি আসার অপেক্ষায় কেটে যায় বহুকাল!
ট্রেন ঠিকই আসে,চলেও যায় নিজ গন্তব্যে,কেবল আমার যাওয়া হয় না কোথাও-
আমি থেকে যাই, তোমারে রেখেই নিঃসঙ্গতার ঘরে খিল দেই!
মহিব…
জানো? মাঝে মধ্যে ইচ্ছে হয় খুব, নির্জনে একদিন তোমারে ডেকে বলি-
আমার দুঃখের পাশে একটু শান্ত হয়ে বসবে?
তুমি থাকলে দুঃখটাও হয়ে যায় বসন্তের বাতাস, কী ভীষণ স্নিগ্ধ!
জানি – তুমি আসবে না কোনোদিন-
বোধহয়, তোমার সঙ্গে দেখা হওয়াটাই ছিলো আমার এই জন্মের বড় ভুল!
মহিব…
তুমি বরং বসন্তের মতোন হইও, বছরে অন্তত একবার হলেও তো দেখা পাবো?
তোমারে তো আর অধিকার নিয়ে বলতে পারি না যে,আরেকটু থাকো,
বরং তুমিই না হয় থেকে যেও দু- চার মিনিট, খুউব বেশি সময় তো নয়?
তবে- দীর্ঘ পথযাত্রীর তৃষ্ণার মতোন, তোমার এই দু- চার মিনিটই বড্ড দামী!
কিছুক্ষণ তুমি পাশে থাকলে, মাইগ্রেনের ব্যাথাটা কম হয়,জ্বর কিংবা শ্বাসকষ্ট ধীর গতিতে আসে!



