একটা সংসার দেবে আমায়?
রঙ- বেরঙের নীল পলিথিনের মতো সাদামাটা একটা সংসার!
একটা ছোট্টমতো ঘর থাকবে,
সামনে খানিকটা ফাকা জায়গা!
সামনের বারান্দার ফুটো টিনের চালে,চালকুমড়ো আর লাউয়ের ঝাড়!
একপাশে ছোট্ট দিঘি,নড়বড়ে বাঁশের ঘাট আর পুকুরে সাতরে বেড়াবে দুটো সাদা রঙের হাস!
বলছি শোনো না?
এমন একটা সংসার দেবে তুমি আমায়?
ছোটখাটো একটা চৌকি,
মলিন বিছানা – ছেড়া পাটিতেই না হয় একসাথে বৃদ্ধ হইতাম!
শুষ্ক রান্নাঘর- অভাবের একটা সুখী সংসার!
কখনো চাল নেই তো কখনো নুন!
এটা – সেটা নিয়ে প্রতিদিন ঝগড়া,
এ বেলা খাবার আছে তো, ও বেলায় অনাহার!
তবুও– দিনশেষে ভালোবাসায় বেঁচে থাকতাম দুটো মানুষ!
অভাবের বাহানায় ছেড়ে না গিয়ে দেখিয়ে দিতাম;
এভাবেও ভালোবেসে ভালো থাকা যায়!
অভাবকে নিত্যসঙ্গী করে এভাবেও কাটিয়ে দেয়া যায় একটা আস্ত জীবন!



