তোমার কোনো পিছুটান থাকবে না,এই নিশ্চয়তায় যদি আসতে পারো-
তবেই এসো…
নিজের ঘরেই আমার অন্য কারোর অনধিকার সহ্য হয়না,
তবে নিজের মানুষে কেনো থাকবে সেটা?
তোমার অতীতে যা সমস্ত ছিলো, অভিযোগ, অনুযোগ, দুঃখ কিংবা মানুষ,
ফেলে আসা ক্যালেন্ডারের মতোন যদি সেসব ফেলে আসতে পারো-
তবেই এসো…
তোমার জন্য অপেক্ষা পুষি, এ কথা সত্য, তবে – তোমার কোনো দায়বদ্ধতা নেই এখানে!
ইচ্ছে হলে আসবে,না হলে ফিরেও তাকাবে না-
তাতে আপত্তি নেই-
তবে,যদি আসো? একান্ত আমার জন্যই আসো!
আজ আমার একার ঘর, কাল তুমি এলে হয়তো দুজনের ঘর হবে!
দুজনের এই একান্ত ঘরে, তৃতীয় কারোর উপস্থিতি মেনে আমি কাটাতে পারবো না জীবন!
তুমি না আসলে একা থাকবো, একা থাকার অভ্যেস আছে আমার!
কিন্তু তুমি যদি হও নিজের মানুষ, আমার একার মানুষ, তবে- সেখানে কারোর ভাগ সহ্য করবো না!
তাই বলছি-
তোমার কোনো পিছুটান থাকবে না, এই নিশ্চয়তায় যদি আসতে পারো-
তবেই এসো…
তবেই এসো…
অন্যথায় – ফিরে তাকিও না এ পথে, থেকে যাও, যত্ন আছে যেখানে!



