অনির্বাণ…
জানো? আজকাল বড্ড আফসোস হয় আমার!
এই যে এতটুকু একটা ছোট্ট জীবনে,অনেক করে চেয়েও তোমাকে পেলাম না!
আচ্ছা – তুমি কত সহজ,কত নির্লিপ্ত ভাবে যাপন করে যাও জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহুর্ত!
বোধহয়,
আফসোস কেবল আমারই!
আচ্ছা – হবে না কেনো বলোতো?
যে জীবনে তুমি নাই,সে জীবন তো আফসোসেরই!
অনির্বাণ…
জানো? আজকাল ভীষণ দুঃখবোধও হয় আমার!
কেনো হবে না বলো?
এখন তো আর দুঃখ পেলেই তোমায় বলতে পারি না,
একই গলির মাথায় তোমার – আমার বাস!
অথচ- আমাদের দেখা হওয়াও বারণ!
এর চে কি বড় কোনো দুঃখবোধ আছে বলো?
থাকতে পারে কোথাও?
অনির্বাণ…
একদিন এসো— হেমন্তে কিংবা বসন্তেই আসতে হবে এমন কোন কথা নেই!
তুমি থাকলে তো আমার ছয় ঋতুর প্রতিটা দিনই বসন্ত বসন্ত লাগে!
তুমি থাকলে না বলেই তো মনে হয় আজকাল…
বর্ষা ছাড়া পৃথিবীতে আর কোনো ঋতুই নেই!
বোধহয়,
শ্রাবণ ছাড়া পৃথিবীতে আর কোনো মাস- ই নেই!
ইতি,
অপর্ণা



