মহিব…
আমাকে উপেক্ষা করেছে অনেকেই,অনেকেই ভালোবাসি বলেছে অথচ ভালোবাসেনি!
এসবে আমার দুঃখ নেই!
থাকার কথাও নয়…
জানোতো?
এই এত এত সব উপেক্ষার ভীড়ে কেবল তোমার উপেক্ষা টাই ভীষণভাবে পুড়িয়েছে আমাকে!
ক্ষত করেছে আমার হৃদয়!
ব্যথিত করেছে তোমার প্রতি আমার পুষে রাখা একান্ত অনুভবকে!
মহিব…
আমার বড্ড জানতে ইচ্ছে হয়,তুমি আমায় ভালোবাসলে না কেনো?
আমি কি এতটাই অযোগ্য মানুষ ছিলাম বলো?
হয়তো তোমার জন্য পারফেক্ট ছিলাম না, সেটা আমিও জানি!
কিন্তু জেনে কি হবে? আমি সবকিছু মানিয়ে নিতে পারি, কেবল তুমি আমারে ভালোবাসো না, এইটা মেনে নিতেই যে বড্ড হৃদয় পোড়ে!
মহিব…
ইচ্ছে হয়– এই শীত আসি আসি ডিসেম্বরের শহরে, তোমার পাশাপাশি কিছুক্ষন হাঁটি!
একটা খুব সুন্দর বিকেলে নরম রোদ মেখে তোমার পাশে বসে এককাপ আদা – চা খাই!
কিন্তু এসব তো হওয়ার নয় বলো?
মহিব…
তুমি যে আমারে ভালোবাসলে না, এইটুকু ছোট্ট জীবনে এটাই অনেক বড়সড় দুঃখ আমার!
এই দুঃখ আমি আর নিজের ভেতর বয়ে বেড়াতে পারছি না!
দুঃখের ওজন অনেক ভারী,আমার পা ফেলতে কষ্ট হয়!
তুমি আমারে ভালোবাসো না! – এই দুঃখ নিয়ে আজকাল আমার সমুদ্রে চলে যেতে ইচ্ছে হয়!
মহিব….
ভালো না হয় নাই বাসলে- অন্তত একদিন তোমার চোখে সমুদ্র দেখতে দিও?
একটুকরো ডিসেম্বর বুকে নিয়ে তোমার চোখের সমুদ্রে পাড়ি দিয়ে দিতাম একটা আস্ত দুপুর!



