তোমার বাইরে আমি কেবল চাঁদ আর নক্ষত্র নিয়ে
লিখতে পারি। কপালে পরিয়ে দিতে পারি উপমার
নীল টিপ, আঁচলে তারার চুমকি। বড়জোর পাহাড়
নিয়ে- তোমার পায়ের স্পর্শে যে ধন্য, অথবা তুমি যার
তোমাকে বাদ দিলে ঈর্ষাকাতর আমি বরং বৃষ্টি
নিয়ে লিখতে পারি। অনুমতি ছাড়াই যে তোমাকে
ভিজিয়েছে শরীরময়। বরং ঘাগরা অবিন্যস্ত করে
দেয়া উদ্ভ্রান্ত বাতাস নিয়ে। সমুদ্র নিয়ে, শুধু পা
ডুবিয়েই ক্ষান্ত হওনি- নিজে যেঁচে অবগাহন করেছো।
ওঁরা যা খুশী লিখুন- রাজনীতি, মানবতা, প্রকৃতি।
দর্শন, জটিল মনস্তত্ত্ব, সুষম বন্টন, ইতিহাস ও আগামীর
সভ্যতা। আমি বড়জোর দুজনার মাঝখানে দেয়াল
হয়ে দাঁড়িয়ে থাকা ধর্ম অথবা সমাজের ইতিবৃত্ত।
ওঁদের নাম হোক, খুব নাম হোক। পায়ের কাছে
আছড়ে পড়ুক সমুদ্র। পাহাড়, অরণ্য আর আকাশ।
আমি তো তোমাকে ছাড়া, শুধু তোমাকে-
কেবল তোমাকে নিয়েই লিখতে পারি।




দারুণ
ধন্যবাদ
খুবই সুন্দর!