প্রতিদিন ভাবি,এই বুঝি ভুলে গেলাম আপনাকে;
যেমন- মধ্যদুপুর কিংবা সন্ধ্যারাতে;
দ্বাদশীর প্রথম প্রহরে অথবা শেষরাত্রের তাহাজ্জুদের বিছানায় যখন হুটহাট মনে পড়ে যায় আপনাকে!
চারিদিকে তখন নিস্তব্ধতা;
সেই নিস্তব্ধতার ধ্যান ভেঙে আমিও হুটহাট ভেবে ফেলি,
এই বুঝি ভুলে গেলাম আপনাকে!
অথচ- আপনাকে ভুলে যাওয়া হয়না!
দিবস ফুরিয়ে যাওয়া নিয়মের সন্ধ্যা আসার মতো রোজ নিয়ম করে মনে পড়ে একবার আপনাকেও!
অথবা,অনিয়মেও মাঝে মাঝে দেখা মেলে আপনার!
যেমন ধরুন, এই যে এখন শ্রাবণ না,
তবুও আকাশ ভাসিয়ে বৃষ্টি হয় ;
প্রকৃতির অনিয়মেও হুটহাট মনে পড়ে যায় আপনাকে!
অথচ- আপনাকে মনে পড়ার বেলা কেবল শ্রাবণেই!
তবুও, নিয়ম বদলায়;
রোজ নিয়ম অনিয়মের মধ্যিখানেও মনে পড়ে আপনাকে!
অথচ- আমি;
রোজ মনে করতে করতেও ভাবি!
এই তো- এইবারই অমাবস্যা বিদায় দিয়ে আজন্মের তরে ভুলে যাবো আপনাকে!



