নিখুঁত প্রুফ রিডারের মত গল্পটি খুঁটিয়ে
পড়তে শুরু করলাম। ভুল বানানগুলো
ভেংচি কাটছে। শব্দ প্রয়োগের, বাক্য গঠনের
দুর্বলতা টেনে ধরছে খুঁট। মসৃণ পাঠে বিঘ্ন
ঘটাচ্ছে কাঁচা হাতের বিন্যাস। তারপর-
আরো একটু গল্পের ভেতরে ঢুকলাম।
মনে হলো, হলোই না হয় একটু অগোছালো-
কাহিনী তুমুল আকর্ষক। এমন গল্প যেমন খুশী
সাজিয়ে নেয়া যেতেই পারে। আরো একটু গভীরে
নেমে গেলাম। বাক্যগুলোর মধ্যে দিব্যি উড়ে
বেড়ানো যাচ্ছে। বরং এই অসম্পূর্ণতাই পূর্ণতা এনে
দিচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ
নেমে যাচ্ছি, আরো নেমে যাচ্ছি।
ভাষা, শব্দ, বাক্যের গণ্ডি পেরিয়ে কাহিনী তরঙ্গের
গভীরে সাঁতার কাটতে কাটতে মনে হলো ভুল বলে
সত্যি কিছু হয়? প্রতিটি ভুলই মূলত সৌন্দর্যের ভিন্ন
ভিন্ন দৃষ্টিকোণ। আমরা যাকে ভুল বলি, দুর্বল বলি,
মানহীন বলি- তা হয়তো অন্য কোনো মাত্রা। আমাদের
চেনা পৃথিবী, চেনা মানদণ্ডের সাথে মিলছেনা- এই যা।
হাত থেকে তুলাদণ্ড খসে পড়তেই বুঝতে পারলাম
কখন যেন নিজের অজান্তেই প্রেমে পড়ে গেছি।




দারুণ
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।