১.
মনে পড়ে
যে ঢোকগুলো বেরোতে গিয়েও
আটকে ছিল কন্ঠায়।
এন্টার্কটিকার মত
জমাট বেঁধে থাকা বরফের টুকরোগুলো আর
যেসব মেঘ উড়ে উড়ে গেছে দক্ষিণে–
তাদের সবার কথা খুব মনে পড়ে।
২.
যে যার মত
পার্কের দুপুর সুনসান শুয়ে থাকে বেঞ্চে;
জানলার শিকগুলো দুঃখী দুঃখী চোখে
তাকায় দিগন্তে।
বিকেলের রঙিন ছাদ অবলীলায় ঝিলমিলিয়ে হাসে;
প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে দূরের মাঠ;
ক্রমাগত ভ্রুকুটি হানে ছড়ানো চুল
আর নীলচে টিপের নীচে একজোড়া তরঙ্গিণী চোখ।
৩.
ম্যাজিক
একটা ছোট্ট জানালা থেকে আচমকা বেরিয়ে এল নদী।
উঠোনটা নিমেষে পার্ক হয়ে গেল;
হ্যালোজেন স্নিগ্ধতা মাখল পড়ন্ত বিকেল;
কূজনে মুখর হয়ে
মৌসুমি পাখিগুলো ভীড় করে এল আঙিনায়।



