এখনো সন্ধ্যা নামে
পথের শেষে শেষ দেখায়
যেখানে তুমি নেই, কবিতার ফুল
তবু তোমার অপেক্ষায়
তুমি আসবে বলে!
কুয়াশায় ভেজা ভোরে বনফুলে লেপ্টে থাকা
প্রতিটি শিশির বিন্দুর মাঝে তোমার স্পর্শ খুঁজি
সন্ধ্যার আকাশে শুক তারার টিপটিপ আলোয়ে
অবুঝ শিশুর মত তাকিয়ে থাকি
তুমি আসবে বলে!
হাজারো নক্ষত্রের বুকে পূর্ণিমার চাঁদের মাঝে
জ্যোৎস্না ভরা প্রতিটি আলোক ফোটায় তোমার অস্তিত্ব খুঁজি
নির্ঘুম গভীর রাতে ঝিঁঝি পোকার ডাকে
তোমার নামে হাজারো কবিতা শুনি
তুমি আসবে বলে!
ঝড়ে কবলিত নাবিক যেমন অসহায়
চরের এক কোণে বসে অপেক্ষায় থাকে
পালতোলা নৌকার
তেমনি আমিও অপেক্ষায় থাকি
নীরবে নির্জনে একাকিত্বে
তুমি আসবে বলে!
সমুদ্রের ঢেউয়ে মিশে থাকা বেদন ব্যথার মাঝে
তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করি
আষাঢ়ের ঝরে যাওয়া বর্ষণের মত
নির্ঘুমে অশ্রু ঝরিয়ে অপলকে তাকিয়ে থাকি
তুমি আসবে বলে!
তুমি আসবে বলে
অবহেলিত বনফুল হয়ে ফুটে আছি সবুজ বনে
তুমি আসবে বলে
আশারা আলো জ্বেলে প্রশান্তি দিচ্ছে মনে!



