এমন করে ভেজাতে চাও- ভিজবো কি?
কান্নাজলে সমুদ্র ঢেউ- মিশবো কি?
বুকের ভেতর রুমাল নাড়ে একলা একা- ক্লান্ত যাদুকর।
দুঃখ ঝরে, স্বপ্ন ঝরে, বিবশ করে-
রাত্রি আসে, আকাশ গাঙে ভাসে তারার চর।
এমন করে ফেরাতে চাও- ফিরবো কি?
রুক্ষ চোখে সূক্ষ্ম সুতো- ছিঁড়বো কি?
অস্তপটে আবীর ছিল- তপ্ত রোদের আদর দিয়ে ঠাসা।
সে রাগ যদি বেহাগ হবে, সে ঢেউ যদি নদী?
সে রাতে কি তুলির টানে আঁকতে বসি বাসা!
উড়তে উড়তে ক্লান্ত চড়ুই, বাবুই হবো কবে?
পুড়তে পুড়তে আকাশ পাড়ি- বিষণ্ন ভৈরবে।
স্মৃতির দুপুর ভরে শুধু একটা ছবি, সেই করতল- সেই।
একটা নদী একটা ডাঙা, একটা জোড়া একটা ভাঙা-
একটা ছায়া বিকেল জুড়ে হারানো সব খেই।
নোনা জলের প্লাবণ আছে সমুদ্র আর চোখে;
কোনটা গভীর- মাপতে ডাকি দুঃখ ও স্বপ্নকে।




দারুণ
ধন্যবাদ
অসম্ভব রকমের সুন্দর
থ্যাংকস সুমাইয়া
চমৎকার