১.
চোখ ভেসে গেলে
আমিও শ্রাবণ খুঁজি।
বুক ভেসে গেলে বুঝি–
ওইটুকু জল
এক জীবনের পুঁজি।
২.
তোমার চোখেই রাখতে দিয়েছি জল
তোমার হাতেই আঁকতে দিয়েছি ক্ষত
পোড়া এ দু’ঠোঁট– তৃষিত, অচঞ্চল
যা দিয়ে ভোলাও, তাই পেতে অবনত।
৩.
আমি নাম দিলাম– ঘোর
তুমি বললে, স্বপ্ন
আমি বললাম, মন
তুমি বললে, উঠোন
এভাবে একটা গল্প জমে উঠলে
মনের ভেতর উঠোন পেতে বসি
বসতে বসতে উঠোন হয়ে যায় চোখ
চোখ হয়ে যায় শ্রাবণ
শ্রাবণ যদি এমন ভেজায়
জ্বর হয়ে যায়– জ্বর।



