একদিন চোখের জল শুকিয়ে যাবে,
তোমার জন্য আর কাঁদবে না।
একদিন কথা ফুরিয়ে যাবে,
সময় অসময়ে আর তোমায় ভালোবাসি বলবে না।
হাত গুটিয়ে পকেটবন্দী হবে,
তোমার হাত ধরে হাঁটার বায়না করবে না।
বুক পকেটে গোলাপের জায়গায় সিগারেটের প্যাকেট, ভেসলিনের জায়গায় খরা, কবিতায় লেখা হবে ঘৃণা।
একদিন,
এরপর একদিন মনে পাথর বাঁধা হবে, ক্ষুধার্ত পেটে যেভাবে বাঁধে মানুষ!
আমিও স্বান্তনা দেবো, তোমাকে আর দরকার নেই।
একদিন,
একদিন সব আকুতি মিনতি ফুরিয়ে যাবে,
তোমাকে আর চাইবো না,কোনদিন না!
তোমার জন্য মায়া লাগে,
একজোড়া চোখ হারালে,
যে চোখ জোড়া তোমার জন্য কাঁদতো।
একজোড়া হাত হারালে,
যে পৃথিবী ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়িয়ে, তোমাকে ধরে রাখতে চাইতো।
একটা মানুষ হারালে, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতো।
হ্যাঁ,
এরপর একদিন “ভালোবাসি” থেকে হয়ে যাবে “ভালোবাসতো”!



