তেমন আগুন আজো আমাকে পোড়াতে পারে
জেনে– দূরে দূরে থাকি। কিছুতে লাগে না যেনো আঁচ।
তেমন আঘাত পেলে এখনো টুকরো হয়ে যাই।
তুমি জানো, নেহাতই ভঙ্গুর এ শরীর– নির্ভেজাল কাঁচ।
তেমন বর্ষা আজো ভেজানোর সুযোগ পেয়ে গেলে,
সমস্ত শরীরে– নিবিড় উত্তাপে ঠিক ঘোর নেমে আসে।
তেমন নামলে শীত, প্রবল কাঁপুনি এসে ঝাঁকি দিয়ে
যায়। এখনো জমাট হই, হিম হিম উত্তুরে তীব্র বাতাসে।
তেমন কোমল চোখ যদি আজো ছুঁয়ে দিয়ে যায়–
সমুদ্র ঢেউমাখা নীল আয়নায়- এক আকাশ স্বপ্ন বাড়ায়।



