যে ছেলেটা ভীষণ ব্যাথায় হাসতে জানে;
বেকারত্বের অভিশাপে প্রেমিকা আজ দূরের মানুষ – পরের ঘরের ঘরণী হয়…
সেই ছেলেটার সঙ্গে আমার রোজ দেখা হয়,পথের বাঁকে!
মধ্যবিত্ত চোখ দিয়ে যে ভীষণ দুঃখ ঢেকে রাখে!
ওই তো সেদিন সেই মেয়েটার ঘর বদলালো—
যার জন্য সে, বুক পকেটে, রোজ জমাতো খুচরো টাকা!
ইচ্ছে ছিলো বেকার হলেও —
প্রেমিকাকে ভালো রাখা!
এই শহরের স্বপ্ন গুলো ভীষণ বড়!
চার দেয়ালে আটকে থাকা এ সি রুমের চাকরির মতোন!
প্রেমিক গুলোই বেকার কেবল— ভালোই শুধু বাসতে জানে!
অবশেষে হারায় যখন অনেক শখের সেই নারীকে;
খুঁজতে থাকে জীবন নামের অচিন পাখির আসল মানে!
এই শহরে কেউ ভালো নয় —
সবার থাকে ভীষণ অসুখ!
কারোর অভাব আস্ত নোটের,
কারো আবার হারাবার শোক!
বুক পকেটে স্মৃতি নিয়ে সেই ছেলেটা বেড়ায় হেঁটে…
পথের ধারের ধূলো জানে-
হাসিমুখে চলতে থাকা,সেই ছেলেটার দিনগুলো সব কেমন কাটে!




প্রতিভা আছে মানতে হবে ❤️
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।