মহিব…
তুমি বরং মৃত্যুর মতোন হইও!
যেনো আমি নিশ্চিত হয়ে বসে থাকতে পারি—
তুমি আসবেই!
আজকাল অনিশ্চিত অপেক্ষা আর ভালো লাগে না!
দীর্ঘ সময় ঝড় বৃষ্টির মতোন বিরক্ত লাগে এইসব দিন!
তারচে– তুমি একবার আশ্বাস দাও- তুমি আসবেই?
নিশ্চিত তুমি আসবে জানলে আমিও অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো মৃত্যু চলে আসার আগদিন অবধি!
মহিব….
এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া– আর তো কোন বিশেষ অপরাধ করিনি আমি!
তবে,অপেক্ষা আর উপেক্ষার এই দীর্ঘ মেয়াদী শাস্তি ভোগ করার কোনো মানে হয় বলো?
জীবন আজকাল জেলখানায় আটক মিথ্যে খু নে র আসামীর মতোন লাগে!
যেনো আমি কেবল নিজেই জানি যে আমি অপরাধী নই,বাকি পৃথিবীর কাছে আমি মহা দোষী!
আচ্ছা তুমিই বলো– যারা ভালোবাসে, তারা কেনো শাস্তি পাবে?
তাদের কেনো হবে অবেলায় হৃদয়ের মৃ ত্যু দ ন্ড?
মহিব….
করুনা করে হলেও তুমি যাদের দুঃখে পাশে থাকো,
আমাকে বরং তাদের দলেই রেখো!
ভালোবাসতে হবে না আমাকে,আর তোমার ভালোবাসা পাবার মতোন যোগ্য আমি নই,ছিলাম না কোনোকালেই, বিশ্বাস করো,সে কথা অস্বীকার করার দুঃসাহস আমার নেই!
আমি কেবল জানি– তোমাকে ভালোবাসব,অথচ – তোমার আঙুলে আঙুল রাখার অপেক্ষা নিয়েই হয়তো ছুঁয়ে যাবে আমাকে মৃত্যুর দূত!
তাই বলছি — তুমি বরং মৃত্যুর মতোন হইও?
যেনো আমি নিশ্চিত হয়ে বসে থাকতে পারি—
তুমি আসবেই!



