ধরো- তোমাকে ভালোবাসি, এই কথাটা তোমাকে বলার আগেই ছুঁয়ে গেলো আমারে মৃত্যুর দূত!
তবে কি তোমার শহরে বৃষ্টি হবে সেই সন্ধ্যায়?
কোথাও কোনো অলক্ষ্যে তুমি কি শুনতে পাবে কোনো বিষাদের সুর?
সেই ফাল্গুনে কি কোকিল গান করবে?
নাকি ফোটার আগেই ঝরে পড়বে কৃষ্ণচূড়ার সমস্ত কলি?
কোনো বিষন্ন শঙ্খচিল কি ডানা মেলে উড়ে বেড়াবে আমার চলে যাওয়ার লিখিত পত্র নিয়ে?
জন্মান্তরে বিশ্বাসী নই আমি- হয়তো ফেরা হবে না আর কোনো মাছরাঙা কিংবা শালিকের বেশে!
হয়তো তোমাকেও জানান দেয়া হবে কোনোকালে আর,
জন্মটা যে কেটে গেলো কেবল তোমারেই ভালোবেসে!



