প্রতিদিন জীবনের নশ্বরতা থেকে উড়ে আসে
কিছু পাখি। বিকেলের বায়োমেট্রিক ভীড়ে তাদের
অহেতুক কিচিরমিচির বিবর্ণতার ভেতর ঢেলে দেয়
অদ্ভুত প্রাণের বর্ণালি। এইসব রঙচঙে সন্ধ্যায় আমি
জাগতিক আবিলতা চেখে চেখে দেখি। আঙুলের
ছাপ না মেলা সুন্দরীর উদ্বিগ্ন চোখে ছলকে ওঠে
বিষাদের ঢেউ। আমি সেই চোখের কম্পনে অনুবাদ
করি তীব্র নৈরাশ্য। কুয়াশার ভেতর থেকে বেরিয়ে
আসে চাপাতি হাতে কয়েকজন যুবক। এইসব
অর্থহীন ব্যস্ততাকে আরো একটু অর্থহীন প্রমাণ
করে দিয়ে তারা উল্লাস করতে করতে ফিরে যায়।
চৌরাস্তায় ব্যানার হাতে স্লোগান দেয় পুরস্কার
প্রত্যাশী কিছু কাক। তাদের উদ্ভ্রান্ত চোখে
চকচক করে আদিগন্ত লোভ।




সুন্দর