তোমার ভালোবাসায় নতুনের আগমন –
আমাকে তা একদমই ভাবায় না,
তুমি আছ আমার অনুভব আর উপলব্ধি জুড়ে,
আমাকে একা থাকতে দেয় না তোমার স্মৃতিরা।
সকালে হাঁটতে গিয়ে বিভোর থাকি তোমাতে –
দুকাপ চা নিয়ে বসার অভ্যাসটা বাদ দিতে পারিনি,
চা খেতে খেতে গল্প হয় তোমার সাথে ,
অপেক্ষায় থেকে ঠান্ডা হয়ে যায় চা।
তুমি আর আমি মিশে আছি একই অস্তিত্বে-
দুপুর গড়িয়ে বিকেলে আড্ডায় কবিতা আবৃত্তিতে মুখরিত আমি,
উৎফুল্ল দর্শক থাকো তুমি,
গান শুনতে চেয়ে দেখি খালি চেয়ার,
তোমার অস্তিত্ব শুধু আমার উপলব্ধিতে।
সারাদিনের ক্লান্তি শেষে যখন বিছানায় –
তোমার মিষ্টি মোহনীয় হাসির আহবানে,
গল্পের মুগ্ধতায় দুচোখে ঘুম নেমে আসে,
মাঝ রাতে ঘুম ভেঙে দেখি-
তুমি নেই আছে শুধু স্মৃতি।
রাতের নিস্তব্ধতা ভেঙে শুনতে পাই-
তুমি চলে যাওয়ার করুন আর্তনাদ ভায়োলিনের সুরে,
অনুভবে তোমার স্মৃতিরা আমাকে একা হতে দেয় না ,
কিন্তু তোমার অনুপস্থিতি আমাকে কাঁদায়,
হৃদয়ের রক্তক্ষরণে হয়ে উঠি বিরহী।



