প্রিয় প্রেমপুরুষ,
তুমি হয়তো ভাবছো তোমার নামে অভিযোগ করছি।
তুমি হয়তো জানো না- আজ আমার সমস্ত অভিযোগ আমার নিজের বিরুদ্ধে।
ভাবছো হয়তো তোমার প্রতি অভিমান করে আছি।
তুমি হয়তো জানো না- আমার শত অভিমানেও আমি শুধু তোমাকেই চাই।
ভাবছো আমি হয়তো তোমায় ভুলে গেছি।
তুমি হয়তো জানো না- আমার ভুলগুলোও সব তোমায় ঘিরে।
তোমায় ভুলতে গিয়ে আমি যে নিজেকেই ভুলে যাই।
ভাবছো হয়তো আমার কোথাও তুমি নেই।
তুমি হয়তো জানো না- আমার সমস্তটা জুড়ে তুমি।।আমার কোথাও আমি নেই, সবটাতেই শুধু তোমার রাজত্ব।
আজ আমার শহরে আমিই নিখোঁজ।
ভাবছো হয়তো আজকাল আমার কিছু আসে যায় না।
তুমি হয়তো জানো না- অধিকার হারানোর অসহায়ত্ব।
এখনো তোমাকে আগের মতই চাই,
পার্থক্য শুধু আগের মত আর বলার অধিকার নাই।
ভাবছো হয়তো আমি তোমায় বন্দী করে রাখতে চেয়েছিলাম।
তুমি হয়তো জানো না- তোমায় মুক্ত আকাশে উড়তে দেয়ার জন্য আমি নিজেকেই তোমায় সপে দিয়েছিলাম।
ভাবছো হয়তো আমি তোমায় ছেড়ে দিয়েছি।
তুমি হয়তো জানো না- তোমাকে হারানোর ভয়ে আমি নিজেকেই ছেড়ে দিয়েছি সেই কবে।
ভাবছো হয়তো আমি অনেক উদাসীন,
হয়তো তোমার কথা ভাবি না।
তুমি হয়তো জানো না- তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি নিজেকে ভাবাই বন্ধ করে দিয়েছি।
আমার প্রতিটি কাব্যের ছন্দে,
আমার প্রতিটি উপন্যাসে শুধু তুমি।
আজকাল তোমায় না পাওয়ার চেয়ে তোমায় হারিয়ে ফেলার ভয় আমায় কুড়ে কুড়ে খায়।
ইশ তুমি যদি আমার হতে!- এই আক্ষেপটা হয়তো আমার কোনো দিন শেষ হবার নয়।
হয়তো কোনো একদিন তুমি আমার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে।
হয়তো সেদিন আমি থাকবো না।



