আমরা যখন একটি সম্পর্কে যাই, তখন মনে হয় এই সম্পর্কটাই হবে আমাদের সব। ঝগড়া-অভিমান, ভালোবাসা-আবেগের মাঝেও মনে হয়, এই সম্পর্কটা চিরকাল টিকে থাকবে।
কিন্তু হঠাৎ করেই কেন সবকিছু শেষ হয়ে যায়? কোথায় এমন ভুল করি আমরা?
চলুন, একটু সহজভাবে বুঝিঃ
১। সঙ্গীকে নিজের মতো করে বদলানোর চেষ্টা
আপনার কি মনে হয়, আপনার সঙ্গীকে ঠিক আপনার মতো হওয়া উচিত? যদি এমন মনে করেন, তাহলে এটাই বড় সমস্যা। আমরা প্রায়ই চেষ্টা করি সঙ্গীকে নিজের মতো করে তুলতে। “তোমার পোশাক এমন কেন?”, “তুমি কেন একটু বেশি কথা বলো না?”—এভাবে যদি প্রতিনিয়ত সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করেন, সম্পর্ক তো ভাঙবেই।
২। সন্দেহ আর অবিশ্বাস
সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। কিন্তু যদি সন্দেহের বীজ বুনে ফেলেন, তাহলে তা সম্পর্কের শেকড়েই আঘাত হানে। “তুমি ফোনে এত সময় কাটাও কেন?”, “ওর সঙ্গে এত মেসেজ চালাচালি কেন?”—এমন প্রশ্নই সম্পর্কের বিষবৃক্ষ তৈরি করে।
৩। কথা বলার অভ্যাস হারিয়ে ফেলা
প্রথমদিকে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, তাই না? এখন? মুখোমুখি বসে থেকেও আপনারা দু’জন নীরব। কথা বন্ধ হয়ে গেলে সম্পর্কও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
৪। অতিরিক্ত অধিকারবোধ
“তুমি শুধু আমার!”—এই অধিকারবোধ প্রথমে রোমান্টিক মনে হলেও, ধীরে ধীরে তা শ্বাসরোধী হয়ে ওঠে। সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করুন।
৫। অতীত নিয়ে টানাপোড়েন
সঙ্গীর পুরনো জীবনের গল্প যদি বারবার মনে করিয়ে দেন, তাহলে বর্তমানকে বিষিয়ে তুলছেন। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি বন্ধ করুন।
৬। ছোট বিষয়কে বড় করে দেখা
“তুমি আমার মেসেজের উত্তর এত দেরি করে দিলে কেন?”—এমন ছোটখাটো ব্যাপারে রাগারাগি করলে তা ধীরে ধীরে সম্পর্কের বড় সমস্যায় পরিণত হয়।
৭। সময় না দেওয়া
আপনার কাজ, অফিস, বন্ধুদের সঙ্গে আড্ডা—এসবের মাঝে সঙ্গীকে কতটুকু সময় দেন? সময় না দিলে সম্পর্ক ধীরে ধীরে মলিন হয়ে যায়।
৮। অপ্রকাশিত আশা
আপনি হয়তো আশা করেছিলেন- সে আপনার জন্মদিনে ১০১ টা লাল গোলাপ নিয়ে আসবে। কিন্তু সে আনল না। এতে কি দোষ তার, নাকি আপনার? না বললে কেউ বুঝবে কীভাবে? সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা নিজের আশা-আকাঙ্ক্ষাগুলো গোপন করে রাখি। তারপর সেটা পূরণ না হলে শোকাহত হই।
৯। সঙ্গীর গোপনীয়তা লঙ্ঘন
সঙ্গীর ব্যক্তিগত কথাগুলো যদি অন্যদের সঙ্গে শেয়ার করেন, তাহলে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়। গোপন কথা গোপন রাখুন।
১০। ভবিষ্যৎ পরিকল্পনার অভাব
আপনারা একসঙ্গে আছেন। কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো দিশা নেই। বিয়ে কবে করবেন? কিভাবে করবেন? চাকরি বাকরি বা ব্যবসায় করবেন কিনা? সব সম্পর্কের একটা লক্ষ্য থাকতেই হয়, ফিউচার প্ল্যান থাকতে হয়। তা না হলে তা স্থায়ী হতে পারে না।
সম্পর্ক এমন এক জিনিস যেটা যত্নের দাবি করে, বোঝাপড়ার দাবি করে, রেসপেক্ট দাবি করে।
তাই ছোট ছোট ভুলগুলো ঠিক করে নিন।



