আসলে বরং চিরন্তন সত্য হয়েই এসো?
আসবে অথচ ভালোবাসবে না, এমনটা আবার হয় নাকি?
যদি আসো- এমনভাবেই আসবে,
যাতে নিশ্চিত ধরে নিতে পারি শেষ অবধি তুমি আমার!
বুকে যদি ঠাই দাও- এমনভাবে দিও,
যাতে কান পাতলেই শুনতে সর্বশেষ হৃৎস্পন্দনের শব্দটাও!
হাত ধরলে – এমনভাবে ধরো,
যেনো বুঝতে পারি, আমি ছাড়া তোমার আর কোনো আশ্রয়ই নেই!
যদি তাকাও- এমনভাবেই তাকিও,
যেনো তোমার চোখে ফুটে ওঠে আমায় নিয়ে বাঁচতে চাওয়ার দৃশ্য!
জীবনটা বড্ড ছোট- জানোতো?
এইটুক জীবনে সমস্ত অভাব উপেক্ষা করে গেলেও-
ভালোবাসার অভাব উপেক্ষা করতে পারবো না বোধহয়!
টাকার অভাব সামলানো যায়- পরিশ্রমে অর্থ মেলে…
ভালোবাসা কিনতে পাওয়া যায় না!
তাই বলছি-
আসলে বরং চিরন্তন সত্য হয়েই এসো!
যাতে নিশ্চিত ধরে নিতে পারি- শেষ অবধি তুমি আমার!



