অস্থিরতা মোটেই সুবিধের নয় ছেলে, স্থির হয়ে বসো-
এককাপ রঙ চা আর দু’টো বিস্কুট খেতে খেতে রাস্তার পথশিশুর সাথে কথা বলো!
মনোযোগ দিয়ে দ্যাখো, পুরনো কোনো বাংলা সিনেমা!
দেখলেই রাগ উঠে,এমন কোনো তরকারি দিয়ে ভাত খেতে খেতে ভাবো, মায়ের যত্ন ভীষণ দরকার!
প্রচন্ড মাথাব্যথার দিনে টাফনীলের পাতা ফেলে দাও বাইরে,
জ্বর নিয়ে শুয়ে থাকো, অন্তত অনুভব করতে শিখো,যন্ত্রণা দেখতে কেমন হয়?
শুনলেই মন খারাপ হয়, এমন কোনো দুঃসংবাদ লিখে রাখো নোটপ্যাডে,
এমন নদীর ধারে গিয়ে বসে থাকো,যে নদীর জল খুব ঘোলা,
সমুদ্র কিংবা পাহাড়ের ধারে কাছেও যেওনা কখনো!
তাকালেই সুন্দর লাগে, এমন কোনো দৃশ্যের মুখোমুখি হলে চোখ বন্ধ করে এড়িয়ে যাও!
নিমিষেই পাল্টে ফেলে ঘর, এমন নারীর প্রেমে পড়ো ভীষণরকম ভাবে,
প্রেমিকা ছেড়ে যাওয়ার দিনে, সিগারেট না খেয়ে,পুড়িয়ে দাও তার সমস্ত চিঠি!
প্রচন্ড রকম আনন্দের মুহুর্তে, নিমন্ত্রণ দিয়ে ডেকে আনো মন খারাপের বিকেল,
অসুখের দিনে গা ঘেঁষে শুয়ে থাকা বেড়ালটাকে তাড়িয়ে দাও অন্য কোথাও!
অস্থিরতা মোটেই সুবিধের নয় ছেলে, স্থির হয়ে বসো-
এককাপ রঙ চা আর দু’টো বিস্কুট খেতে খেতে রাস্তার পথশিশুর সাথে কথা বলো!
মনোযোগ দিয়ে দ্যাখো, পুরনো কোনো বাংলা সিনেমা!




খুব সুন্দর!
ধন্যবাদ