বিশ্বাস করো? – তুমি চলে যাওয়ার পরেই শুরু হয়েছে আমার সমস্ত খারাপ থাকা দিন!
তুমি চলে যাওয়ার আগে, অন্যরকম ছিলো জীবন,
তখনকার দিনে আমার হুটহাট ঘুম ভেঙে যেতো না মাঝরাতে!
খাবার খেতে গিয়ে গলায় আটকে পড়তোনা ভাতের শক্ত দানা!
শ্রাবণের সন্ধ্যাগুলো কাটতো মন ভালো হওয়া চায়ের কাপে…
সত্যি বলছি- তুমি থেকে যাওয়া দিন মানেই, স্মৃতিমধূর মুহুর্ত!
তুমি থাকলে আমার বছরে বারো মাসই কাটতো বসন্তের মতো শুভ্রতায়!
তখনকার দিনে আমি মনোযোগ দিয়ে বর্ষা উপভোগ করতাম!
প্রচন্ড দাবদাহের দিনেও মনে হতো, কোথাও যেনো রয়েছে শান্তির তীব্র বাতাস!
সমস্ত সুখের মুহুর্তরা চলে গেছে, তোমার চলে যাওয়ার সাথে পা মিলিয়ে…
তুমি চলে যাওয়ার পরে আড়াই বসন্ত গেলো,
অথচ – আমি আর সুখ ভেবে কুড়াইতে গেলাম না ঝরে পড়া বকুল!
এখন আমার হুটহাট মন খারাপের অসুখ হয়,মাথা ধরে,বেলা কিংবা অবেলায় গা কাঁপিয়ে জ্বর আসে!
আজকাল ঘুমের ঔষধেও ঘুম আসে না!
মনে হয় – তোমার একটুকরো স্পর্শেই যেনো মিশে থাকতো রাজ্যের ঘুম!
ইচ্ছে হয়, শরৎচন্দ্রের পরিণীতার মতো আমিও তোমার সামনে গিয়ে, আক্ষেপ নিয়ে বলি-
আমায় কেনো ভালোবাসলে না,তুমি থেকে গেলে সত্যিই জীবনটা অন্যরকম হতে পারতো!



