এই শহরে একখান বিশ্বস্ত কাঁধের অভাব!
যে কাঁধে মাথা রাখলে স্বস্তি মেলে,ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়া যায় –
সকল ধরনের দুশ্চিন্তা চাপিয়ে দিয়ে বসে থাকা যায় অনেকক্ষণ,
এমন একটা কাঁধের বড্ড অভাব!
এই শহরে একখান হাতের অভাব!
যে হাতে হাত রাখলে নিজেরে একলা লাগে না,নিরাপদে পার হওন যায় যানযটের রাস্তা –
যে হাত কপাল ছুলে জ্বর নেমে যায়, মাথাব্যথা কমে প্যারাসিটামল ছাড়াই,
এমন একটা হাতের বড্ড অভাব!
এই শহরে একখান বাহুর অভাব!
যে বাহু আগলে নিলে ভয় কেটে যায়, অমাবস্যার রাতেও কোনোরকম আলো ছাড়াই নির্ভয়ে কাটিয়ে দেয়া যায় রাত-
যে বাহুতে মাথা রাখলে শান্তি মেলে, ঘুমের ঔষধ ছাড়াই ঘুম ধরে,
এমন একটা বাহুর খুউব অভাব!
এই শহরে একখান মানুষের অভাব!
যে মানুষ পাশে থাকলে নিজেরে ভাগ্যবতী মনে করা যায়,ভালোবাসতে ইচ্ছে করে জীবনভর –
যে মানুষের চোখে তাকালে দারিদ্রতা নিয়াও কাটিয়ে দেওয়া যায় একজীবনের সংসার,
এমন একটা মানুষের চরম অভাব!
এই শহরে সত্যিকারের প্রেমের অভাব!
যে প্রেমে বিশ্বাস করে কোনোরকম চিন্তা ছাড়াই,কাটানো যায় জীবন, চরম অনাহারের দিনেও কাটিয়ে দেওয়া যায় দুর্ভিক্ষের বছর-
যে প্রেম সৌন্দর্যে কিংবা টাকায় কেনা যায় না,কেবলই মনের দামে কিনতে হয়,
এমন সত্যিকারের একজন প্রেমিকের অভাব!



