দুঃখ পাইলেই নাকি মানুষ মইরা যায়?
অথচ – জগতে কেবল আম্মারেই দেখলাম- দুঃখ পাইয়া মরলো না!
ছোটবেলা থেইক্যা আম্মারে যতটা না ভাত গিলতে দেখলাম?
তার চেয়েও বেশি দেখলাম – ভাতের প্লেটে দুঃখ লইয়া গিলতে!
আম্মার চল্লিশ বছরের সংসারে আশি খানা ঈদ গ্যালো…
অথচ – আম্মার শাড়ির সংখ্যা মোটে বারোখান!
এই চল্লিশ বছরে চল্লিশটা শীত আইলো!
আম্মার লাইগ্যা নতুন একখান শাল কেনা হয়নাই!
বছরের বছর সেই পুরান শালখান গায় জড়াইয়া কাটাই গেছে জীবনের সবটা দিন!
অথচ – এই লইয়া আম্মারে অভিযোগ করতে দেখলাম না কোনোকালে…
আব্বার লগে ঝগড়া হইলে আম্মা জায়নামাজ বিছাইতো!
মোনাজাতে আম্মারে দেখতাম,আব্বার লাইগ্যা কেবল দোয়াই করতে!
আম্মা বোধহয় জানেনা- বদদোয়া কেমন করে করতে হয়!
জগতে এত এত দুঃখ পাইয়াও আম্মা মরলো না!
অথচ – দুঃখ পাইলেই নাকি মানুষ মইরা যায়?



