ভাবছি- এবার তোমাকে ছেড়ে মনোযোগ দিবো কবিতায়!
কেমন হবে বলো তো?
তুমি তো আর ভালোবাসো না,ক্ষনিকের মায়ায় জড়াও,
অতঃপর – দীর্ঘ মন খারাপে অভ্যাস হয়ে যায় আমার!
বিষন্নতা আমার ভালো লাগে না…
যেমন ভালো লাগে না অসুখ কিংবা অশান্তি!
যেকোনো দুঃখের দিনে তাই তোমার কাছেই ফিরে যাই,
তোমার স্পর্শকে ব্যাথানাশক ভাবি-
তুমি ছুঁয়ে দিলে ব্যাথারা পালায়,
অথচ – তুমি ভালোবাসো না আমায়!
এর চে বরং দুঃখ নিয়ে সমুদ্রেই চলে যাবো!
সমুদ্রের ঢেউ গুণে ভুলে থাকবো দুঃখে থাকা সমস্ত দিন!
আজকাল মায়ায় জড়াতে কেমন ভয় লাগে…
যদি তুমি পাশ কাটিয়ে হেঁটে যাও অবহেলায়?
এর চে বরং আমি ফিরে যাই কবিতায়!
একটা দীর্ঘ মন খারাপের বিকেলে তোমাকে না লিখে,
লিখতে থাকি অজস্র কবিতার লাইন!



